চকরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু
চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়ায় নিজবাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৌলভী তৌহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটাস্থ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম দরবেশকাটা উত্তরপাড়া এলাকার নুর আহম্মদের ছেলে। তিনি পেশায় একজন মাদরাসা শিক্ষক ছিলেন।
পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি নিহতের পরিবার সদস্যদের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির বৈদ্যুতিক লাইনে সমস্যা হয় তা ঠিক করতে গিয়ে এক পর্যায়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তৌহিদুল ইসলাম।
মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ##




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































